
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছবাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর একটি দল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজিবির দাবি অনুযায়ী, শতাধিক নারী-পুরুষের একটি সংঘবদ্ধ দল তাদের টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে হেফাজতে থাকা ওই দুই ব্যক্তিকে নিয়ে যায়।
বিজিবি জানায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময় বিভিন্ন ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের মিজোরাম প্রদেশের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের মনসিক্কা তঞ্চঙ্গ্যা ও সুশীল তঞ্চঙ্গ্যা। তাদের কাছ থেকে ভারতীয় প্রসাধনী, আধার কার্ড ও কাপড়চোপড় উদ্ধার করা হয় বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবির ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ওইদিন সন্ধ্যায় তাদের পাশের রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্যাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে শতাধিক পাহাড়ি নারী-পুরুষের একটি দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। হামলাকারীরা নারীদের সামনে রেখে মানবঢাল তৈরি করে বিজিবির হেফাজত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ছিনিয়ে নেয়।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ প্রসঙ্গে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবি দায়িত্বশীলভাবে কাজ করছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২