
ভোলার চরফ্যাশন উপজেলায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। গত রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলামকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী সালমা বেগম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রেখে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তার বাড়িতে যেতে বলেন। স্থানীয় বাবুর হাট বাজারে থাকা বাশার সালমার ফোন পেয়ে তার বাড়িতে যান। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, পরে শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ানোর পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পুকুরে খুঁটি গেড়ে ডুবিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলা ও পেট কাটা অবস্থায় বাশারের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আবুল বাশারের বাবা আবুল কাশেম বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ আইচা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ছোট ভাই ইব্রাহিম অভিযোগ করে বলেন, সালমা ও তার স্বামী সাইদুল অত্যন্ত দুর্বৃত্তপরায়ণ ও দুষ্টু প্রকৃতির। জুয়েল নামে এক ব্যক্তির কাছে লগ্নি বাবদ পাওনা টাকা আদায়ের জন্য তাদের একটি মামলা চলছিল। ওই মামলায় জুয়েলকে ঘায়েল করতে না পেরে তার বিরুদ্ধে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় সাক্ষী হিসেবে বাশারের নাম রাখা হয়েছিল। কিন্তু বাশার মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় গত ২৬ সেপ্টেম্বর সকালে তাকে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে হত্যা করেন বলে তিনি অভিযোগ করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি সাইদুল ইসলাম জমাদারকে আদালতে পাঠানো হয়েছে এবং তার স্ত্রী সালমা বেগম পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২