
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরআলগী ইউনিয়নের কালীবাড়ি চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের টিনের বসতঘরের বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে বাড়ির পাশে স্তূপ করে রাখেন। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকার প্রবীণ ব্যক্তিরা আগেই অভিযুক্তদের পরিবারের সদস্যদের এবং ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ডাকাতি শেষে প্রবাসীর কিশোর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি ও বেঁধে রেখে তার সামনেই মাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিম নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে রাজিব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অন্য আসামিরা হলেন শরীফ, আরিফ, ফাহিম ও এনামুল। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত রবিবার ও সোমবার সন্ধ্যায় দুই দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কালীবাড়ি চর এলাকায় শত শত বিক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, এমন ন্যাক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের কঠোর বিচার হওয়া দরকার। আজ বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।
এদিকে, গফরগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোরাদ খান জানান, আসামিদের বাড়িঘরে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। তবে পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২