
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। কারাম গাছকে কেন্দ্র করে সুদীর্ঘকাল ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো শ্যামনগরেও মুন্ডা সম্প্রদায় এই উৎসব পালন করে আসছেন। তবে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার আঘাতের পর প্রায় এক যুগ ধরে শ্যামনগরে কারাম উৎসব পালিত হয়নি। দীর্ঘ বিরতির পর নিজেদের ঐতিহ্যের ধারক এই উৎসব পুনরায় উদযাপনের সুযোগ পেয়ে মুন্ডা সম্প্রদায়ের মানুষ নিজেদের সৌভাগ্যবান বলে দাবি করেছেন।
উৎসবের রীতিনীতি অনুযায়ী চারজন কুমারী মেয়ে ও দুজন নারী পূজার সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করেন। কারাম মূলত একটি বৃক্ষ। এই উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি কারাম বীজ বপনের মাধ্যমে একটি গাছ তৈরি করা হয়। উৎসবের শুরুতে ঈশ্বরের নামে মুরগির সামনে চাল দেওয়া হয়। আয়োজকদের বিশ্বাস, মুরগি চাল খেলে সে বছর ভালো ফলন হবে। মুরগির চাল গ্রহণের ওপর ভিত্তি করেই মুন্ডারা তাদের ভাগ্য সম্পর্কে পূর্ব ধারণা লাভ করে থাকেন। সাধারণত তিন, পাঁচ বা সাত দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সম্প্রদায়ের সংগঠন সামসের সভাপতি গোপাল মুন্ডা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরীপুর যিশু নাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, গবেষক আরিফুর রহমান এবং আনন্দিনী মুন্ডা। এছাড়া খুলনার কয়রা, সাতক্ষীরার তালা ও শ্যামনগর উপজেলার মুন্ডা সম্প্রদায়ের মাতব্বরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দাতিনাখালী মুন্ডা পাড়ার পাহান নারায়ন চন্দ্র মুন্ডা উৎসবে পূজারী হিসেবে দায়িত্ব পালন করেন। আলোচনা সভায় মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২