
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়্যুম চত্বরে আয়োজিত শোক র্যালি শেষে এক মানববন্ধনে শিক্ষার্থীরা পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চার দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা, প্রশাসনিক ব্যর্থতার দায়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার, কুবি এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তাৎক্ষণিক সাড়া-দাতা ইউনিট গঠন।
ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া জানান, দুপুর ১২টায় ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা ২টায় অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় আনাস নামের একজনকে আটকের খবর ছড়ালেও পুলিশ সুপার তা অস্বীকার করেছেন, যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, তুহিনকে গ্রেপ্তারের পর সে আনাসের নাম বলেছিল এবং বেলতলি থেকে তাকে আটক করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। কিন্তু পুলিশ ব্রিফিংয়ে আনাসকে আটকের বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া তুহিনের কাছ থেকে পাওয়া স্বীকারোক্তির বিষয়ে কোনো ভিডিও বা বক্তব্য প্রকাশ করা হয়নি এবং মামলার তদন্তে দীর্ঘসূত্রতার অভিযোগ তোলেন তারা।
নাজমুল আরও দাবি করেন, অভিযুক্ত সিয়ামের বয়স ১৫ বছর দেখানো হলেও সে দ্বাদশ শ্রেণিতে পড়ে এবং তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী বয়স ২০ বছর হওয়ার কথা। শিক্ষার্থীরা মানববন্ধনে ‘আমরা বিচার চাই’, ‘কিশোর গ্যাংয়ের উৎপাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লাতে মানুষ মরে, পুলিশ মেডেল ধরে’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন। অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২