
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মানিকপোটল গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিল্লোল তালুকদারের উদ্যোগে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুঞ্জুরুলের বাড়ি থেকে আব্দুর রউফের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই কাঁচা রাস্তাটি বন্যানিয়ন্ত্রণ বাঁধের (ওয়াপদা বাঁধ) চেয়ে প্রায় ২০ ফুট নিচু। এর ফলে বছরের বেশিরভাগ সময় রাস্তাটি পানির নিচে তলিয়ে থাকত এবং বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।
এই রাস্তাটি ওই এলাকার শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম। এছাড়া মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ জন শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় এক হাজারের বেশি মানুষ বিভিন্ন প্রয়োজনে এই পথ ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের যাতায়াতে সীমাহীন ভোগান্তি হতো। এমনকি কোনো মানুষের মৃত্যুর পর দাফন সম্পন্ন করার জন্য খাটিয়া নিয়ে চলাচল করাও ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্ট ও অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার নির্দেশনায় রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন মানিকপোটল গ্রামের কৃতি সন্তান হিল্লোল তালুকদার। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হওয়ার পর বর্তমানে রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়েছে।
রাস্তাটি নতুন করে চলাচলের উপযোগী হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। এই মহতী উদ্যোগের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা এবং সমাজসেবক হিল্লোল তালুকদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানিকপোটল গ্রামের বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার হওয়ায় বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হয়েছে। বর্ষার পানি ও কাদামাটির কারণে যে ভোগান্তি পোহাতে হতো, তা এখন অনেকটাই লাঘব হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, আগামীতে প্রশাসন এই রাস্তাটি পাকাকরণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২