
চট্টগ্রামের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. মজিবর মৃধা (৬১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগটি প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না, তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে যান মা। সেই সুযোগে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের আরেকটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২