
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ফার্মেসি ও তিনটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ধর্মঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতের দিকে ধর্মঘর এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পাশের লক্ষ্মীছড়ি উপজেলার ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পল্লিচিকিৎসক আথুইশে মারমা জানান, তার ফার্মেসিতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ওষুধ ছিল, যার সবটুকুই আগুনে পুড়ে গেছে। এই বড় ক্ষতিতে তিনি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি ধারণা করছেন, পাশের একটি চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মানিকছড়ি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্থানীয়ভাবে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো। আগুন নেভাতে পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিস আসতে হয়েছে।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে লক্ষ্মীছড়ি উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত ও যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২