
রাজশাহীর পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সপ্তম জেলা কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে এই ক্যাম্পুরী চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে। তিনি উল্লেখ করেন, কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন।
এবারের ক্যাম্পুরীতে জেলার ৬০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫০০ কাব স্কাউট অংশ নিয়েছে। এর মধ্যে ৪৩টি বালক দল এবং ১৭টি বালিকা দল রয়েছে। আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে ক্যাম্পুরীর কর্মসূচি সাজানো হয়েছে। তাদের ১৩টি সংকল্পকে ৫টি ভাগে ভাগ করে বিভিন্ন শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে, যা শিশুদের আত্মনির্ভরশীলতা ও দেশসেবার মানসিকতা বিকাশে ভূমিকা রাখবে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কমিশনার মো. নুরুল ইসলাম। এছাড়া জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তারাও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফ নেসার আহমেদ ও সাব-ক্যাম্প চিফ সাহানা মান্নান। ক্যাম্পুরীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সম্পাদক মতিউর রহমান মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্বকালে পবা ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, এই আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২