
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ওই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে, যখন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পান। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেও তিনি কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা পাননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক দপ্তরি এসে অফিসের তালা খুলে দেন।
বিভাগীয় কমিশনার স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, অফিস প্রধান হিসেবে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখা দায়িত্ব পালনে চরম অবহেলা ও গুরুতর অপরাধ।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে কাউকে না পাওয়া সরকারি দায়িত্বে চরম অবহেলার প্রমাণ। বিভাগীয় কমিশনারের সুপারিশের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলেই ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই কর্মচারীর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খান বলেন, তাকে কেন বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে, তা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২