রোপা আমন আবাদ মৌসুমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া, ভাউচার না দেওয়া, অনুমোদনহীন সার বিক্রি এবং মজুত ও বিক্রয় রেজিস্টার হালনাগাদ না রাখার অভিযোগে নেত্রকোণায় কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত ২০ আগস্ট থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আটজন সার ডিলার ও খুচরা বিক্রেতাকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি অভিযুক্তদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলমাকান্দা উপজেলার বিসিআইসি ডিলার মেসার্স হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দশাল গ্রামের বিসিআইসি ডিলার মেসার্স মঈন উদ্দিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কেন্দুয়া উপজেলার বিসিআইসি ডিলার মেসার্স হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা এবং কলমাকান্দা উপজেলার মেহেদী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার ঠাকুরাকোনা-বেতাটি বাজারের মেসার্স দেবদাস রায়কে ৩০ হাজার টাকা এবং হাটখোলা বাজারের মেসার্স আক্রাম এন্টারপ্রাইজ, মেসার্স হাফিজুর রহমান ও মেসার্স আশরাফুল আলমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আমিরুল ইসলাম জানান, সারের বাজারে কৃত্রিম সংকট তৈরি, বেশি দামে বিক্রি কিংবা অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। সোমবার সদর উপজেলার হাটখোলা বাজারে তিনজনসহ এ পর্যন্ত মোট আটজনকে অর্থদণ্ড করা হয়েছে। যারা নিয়মের বাইরে গিয়ে সার বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি উপজেলা কমিটির মাধ্যমে জেলা কমিটিতে লাইসেন্স বাতিলের সুপারিশ পাঠানো হবে।
তিনি আরও জানান, ক্যাশ মেমো ও রেজিস্টার হালনাগাদ না রাখায় কলমাকান্দার এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাউচার ছাড়া সার বিক্রি, বিনির্দেশবহির্ভূত সার বিক্রি এবং বেশি দামে সার বিক্রির দায়ে যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতারণা এড়াতে কৃষকদের অবশ্যই ভাউচার বা ক্যাশ মেমো নিয়ে সার কেনার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। এতে কোনো বিক্রেতা কারসাজি করলে তাকে সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলায় বর্তমানে ১১৭ জন বিসিআইসি ডিলার এবং ১৫৮ জন বিএডিসি ডিলারসহ মোট ২৭৫ জন ডিলার রয়েছেন। সারের সুষ্ঠু বণ্টন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে তাদের সবাইকে কঠোরভাবে নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.