
হবিগঞ্জের চুনারুঘাটে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৯-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত কাওসার চুনারুঘাট উপজেলার আলী রাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি দল। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত কাওসার ও ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। কাওসার দীর্ঘদিন ধরেই ওই নারীকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে আসছিলেন।
গত ২১ মে রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা কাওসার তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে কাওসার পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত কাওসারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২