
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শহরকে দৃষ্টিনন্দন করে তুলতে সড়কের ডিভাইডার, ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে রঙের কাজ। নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ করা হচ্ছে নাগরিক সংবর্ধনার মূল মঞ্চ।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কগুলোর আইল্যান্ডে নতুন রঙ দেওয়া হচ্ছে। ট্রাফিক মোড় ও স্থাপনাগুলোতে লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও সাজসজ্জার কাজে অংশ নিয়েছে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, "রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জেলার গর্বিত সন্তান। তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে শহর সাজানো হচ্ছে।"
ব্যবসায়ী জহির ইসলাম বলেন, "রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে শহরের চেহারা পাল্টে যাচ্ছে। তবে আমরা চাই, এই সফর শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঠাকুরগাঁওয়ের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই জেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। এবার প্রথমবার নিজ জেলায় আসায় সেই আনন্দ আরও বেড়েছে কয়েকগুণ।"
জেলা প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতির সফর সুষ্ঠু ও নিরাপদ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফরকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে নতুন বরাদ্দ ও উদ্যোগ আসবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২