
কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে জেলায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৬৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬২৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে জেলায় ৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। এ বিষয়ে প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে মশকনাশক স্প্রে নিয়মিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসকরা পরামর্শ দিয়ে বলছেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ সময় পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি। একই সঙ্গে মশার বংশবিস্তারস্থল ধ্বংস এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২