
যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা এখন পর্দার অন্তরালে ঐক্যবদ্ধ হচ্ছে। কোনো সুপ্ত বা গুপ্ত সংগঠন যেন ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচিকে নস্যাৎ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ও দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহকর্মীদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে হলে বর্তমান সরকারকে সফল করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং নিজেদের বাড়িঘর দুর্গের মতো সুরক্ষিত রাখতে হবে, যেন কোনো চক্রান্তকারী সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে।
আওয়ামী লীগের আমলের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ দেশে যে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির চর্চা রেখে গেছে, নতুন প্রজন্মের অনেকে হয়তো সেটাকেই রাজনীতির মূল ধারা ভাবছে। কিন্তু প্রকৃত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা, প্রতিমুহূর্তে অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করা এবং বড়দের অসম্মান করা এ দেশের মাটির সংস্কৃতি হতে পারে না এবং বিএনপিও এই সংস্কৃতি সমর্থন করে না।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বীজ রোপণ করেছিলেন, তা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। এ দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন জিয়াউর রহমানের উদ্যোগ এবং বেগম খালেদা জিয়ার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে সফল করার পেছনে বিএনপির প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।
সমাবেশের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, চিত্রা মোড়, চৌরাস্তা মোড়, জেল রোড ও চভোলাট্যাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২