
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, কর্ম এবং মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদদীন শেখ, কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিময় রায়, কোটালীপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস এবং সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য প্রতীক। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে, যা তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, নজরুলের সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, নজরুলের কবিতা ও গান মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহস জুগিয়েছে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় কালজয়ী গান ও কবিতায় শিল্পকলা একাডেমি চত্বরটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং কবির দর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২