
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুর। বুধবার রাত ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুর ইউনিয়নের গাবুড়া বাজার থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। এই আটকের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেখ বাদশাকে আটকের প্রতিবাদে বুধবার রাত ১১টার দিকে শ্রমিকদের একটি অংশ কোতোয়ালি থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কেন্দ্রীয় ট্রাক টার্মিনালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস রেখে অবরোধ সৃষ্টি করে। তারা শেখ বাদশার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এর ফলে দিনাজপুরের সঙ্গে আন্তজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শেখ বাদশাকে কোতোয়ালি থানা থেকে আদালতে পাঠানো হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, আসন্ন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন শেখ বাদশা। তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই পুলিশ পরিকল্পিতভাবে আটক করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের আরেকটি অংশ থানার সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়, যাতে ৭ থেকে ৮ জন শ্রমিক আহত হন। পরে বিকেল ৩টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার সামনে অবস্থান নিলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষে আরও ৬ থেকে ৭ জন আহত হন।
সংঘর্ষের সময় এস আর পরিবহনের একটি নৈশ কোচ, এইচএ এন্টারপ্রাইজের একটি বাস এবং মাছরাঙা টেলিভিশনের এক ক্যামেরাপারসনের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া অন্তত ১০টি বাস ভাঙচুর করা হয়েছে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২