
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে ‘শানে রেসালাত’ শীর্ষক একটি দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন শুরু হবে। আয়োজনকে ঘিরে পুরো জেলা জুড়ে ব্যাপক দাওয়াতি কার্যক্রম ও প্রস্তুতি চলছে। প্রায় এক মাস ধরে জেলার সবকটি উপজেলার আলেম-ওলামাদের এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার ও আলেমরা এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
আমন্ত্রিত শীর্ষ আলেমদের মধ্যে রয়েছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং প্রবীণ ধর্মীয় বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হুসাইন, কাপাসিয়ার দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, মাওলানা হিফজুর রহমান খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি কেফায়েতুল্লাহ আল-আজহারী ও মুফতি নুর মোহাম্মদসহ জেলার শীর্ষস্থানীয় আলেমরা এতে অংশ নেবেন।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এই শানে রেসালাত সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে প্রায় দুই মাস আগে থেকে। সম্মেলনকে সফল করতে কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ ফুট বাই ২০০ ফুট আয়তনের প্যান্ডেল ডেকোরেশন করা হচ্ছে এবং ৫০ ফুট বাই ২৫ ফুট বিশিষ্ট একটি বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রতিটি উপজেলার আলেমদের কাছে দাওয়াতপত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরও এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। সম্মেলনে প্রধানত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা, সম্মান, মহিমা ও তাঁর জীবনাদর্শের ওপর বিশদ আলোচনা করা হবে।
সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ১২ রবিউল আউয়াল দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কটিয়াদী উপজেলা আমির মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী বলেন, ‘আয়োজন কটিয়াদীতে হলেও এতে পুরো কিশোরগঞ্জ জেলার মানুষের অংশগ্রহণ থাকবে। দিনরাত আমরা দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি। রাসুল (সা.)-এর মহব্বতে সব মুমিন-মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাইকে অংশগ্রহণের জন্য। নবী (সা.)-এর মর্যাদা, সম্মান, মহিমা ও জীবনাদর্শের ওপর আলোচনা হবে এবং শীর্ষ আলেমরা ভবিষ্যৎ করণীয় বিষয়ে বার্তা দেবেন।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২