
উত্তরাঞ্চলে গ্যাস অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) পাবনার মোবারকপুরে নতুন করে কূপ খননের একটি বড় আকারের মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর আগে মোবারকপুরে কূপ খননের প্রচেষ্টা সফল হয়নি, তবে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।
২০১৪ সালে বাপেক্স ৮৯ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৫ কিলোমিটার গভীরতায় কূপ খননের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ভূগর্ভে অতিরিক্ত গ্যাসের চাপ এবং প্রয়োজনীয় উন্নত প্রযুক্তির অভাবে প্রকল্পের কাজ মাঝপথে স্থগিত করতে হয়। পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, তৎকালীন সময়ে তীব্র গ্যাসের চাপ মোকাবিলার প্রযুক্তি না থাকায় প্রকল্পটি সফল করা সম্ভব হয়নি।
বর্তমান মেগা প্রকল্পের আওতায় ১ হাজার ১৩৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে তিনটি গভীর অনুসন্ধান কূপ খননের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রয়েছে শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ এবং ফেঞ্চুগঞ্জ সাউথ-১। প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানানো হয়েছে, সরকার ৯০৯ কোটি টাকা ঋণ প্রদান করবে এবং বাপেক্স নিজস্ব তহবিল থেকে ২২৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করবে।
মোবারকপুর ডিপ-১ প্রকল্পের পরিচালক ও বাপেক্সের উপমহাব্যবস্থাপক (অপারেশনস) এস এ এম মেরাজুল আলম বলেন, ৬ কিলোমিটারের বেশি গভীরে খননের জন্য উন্নত কারিগরি সক্ষমতা অপরিহার্য। এই সক্ষমতা অর্জনের লক্ষ্যে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, চীনা প্রতিষ্ঠানটি কূপ খনন এবং রিগ ফাউন্ডেশন নির্মাণের দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২