
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা বুড়াবুড়ি ইউনিয়নে জরুরি চিকিৎসায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চালু হয়েছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবা। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুলাল হোসেন বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগে এই সেবা চালু করা হয়। গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শনিবার সকাল থেকে অ্যাম্বুলেন্সটি পুরোদমে সেবা দেওয়া শুরু করেছে।
নতুন এই অ্যাম্বুলেন্সটি এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বুড়াবুড়ি বাজার এলাকায় নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে নতুন এই সেবাটিকে স্বাগত জানান। পরে এই অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া ব্যবসায়ী ও সমাজসেবককে সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দারা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে নতুন এই অ্যাম্বুলেন্স সেবার খবরটি সবাইকে জানানো হয়।
প্রত্যন্ত এই সীমান্ত এলাকায় রাতে বা দিনে কেউ হঠাৎ অসুস্থ হলে, প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজন দেখা দিলে কিংবা কোনো দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন। সময়মতো গাড়ি না পেয়ে অনেকেই চরম ভোগান্তিতে পড়তেন, এমনকি অনেক মূল্যবান সময়ও নষ্ট হতো। এই সমস্যা সমাধানে এবং সেবাকে আরও কার্যকর করতে স্থানীয় একদল তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা রোগীদের অ্যাম্বুলেন্সে ওঠানো এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর কাজে সার্বিক সহায়তা করবেন। ইতিমধ্যে স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে চালকের ফোন নম্বর পৌঁছে দিচ্ছেন, যাতে প্রয়োজনে যে কেউ দ্রুত যোগাযোগ করতে পারেন।
ইউনিয়নের বাসিন্দা হবিবর রহমান জানান, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষেরা হঠাৎ অসুস্থ হলে মাইক্রোবাস জোগাড় করে হাসপাতালে রওনা হতে হতো। এতে অনেক সময় লাগার কারণে অনেকেই পথেই মারা যেতেন। এই অ্যাম্বুলেন্সটি আসায় এখন এলাকার মানুষের অনেক উপকার হবে। রেজাউল করিম রাজু নামের আরেক তরুণ উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অ্যাম্বুলেন্সটি ইউনিয়নের মানুষের জন্য অনেক বড় একটি উপহার। অ্যাম্বুলেন্স পাওয়ার আনন্দে তারা পুরো এলাকায় শোভাযাত্রা করেছেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ এটিকে একটি মহতী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অ্যাম্বুলেন্সের চালক দেলোয়ার হোসেন জানান, এটি কেবল গাড়ি চালানোর দায়িত্ব নয়, বরং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর একটি বড় সুযোগ। দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিতে দুইজন চালক প্রস্তুত থাকবেন। উদ্যোক্তা দুলাল হোসেন বাচ্চু বলেন, এলাকার মানুষের চিকিৎসার জন্য যাতায়াতের কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন। আশপাশে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় বাধ্য হয়ে মানুষকে মাইক্রোবাসের জন্য অপেক্ষা করতে হতো। এই দুর্ভোগ লাঘব করতেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২