
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) এবং একই গ্রামের নাসির মোল্যা (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মোবাইল ফোনের মাধ্যমে ১ নম্বর আসামি নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাতে আসামি নাসির মোল্যা ছাত্রীকে দেখা করার জন্য জীবন মণ্ডলের বাগানের কাছে ডেকে নেন। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে মধুমতি নদীর তীরে একটি নৌকায় করে চরে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিওচিত্র ধারণ ও ছবি তোলা হয়। শারীরিক নির্যাতনের ফলে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাকে বাড়ির কাছে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর ২০২০ সালের ২৯ জানুয়ারি ভুক্তভোগী স্কুলছাত্রীর পক্ষ থেকে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। রায়ের পর ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে এবং শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কমাতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২