
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে সফিপুরের আনসার-ভিডিপি একাডেমিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত দুই বছরের বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
মহাপরিচালক জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের মাইলফলক হিসেবে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে একটি নির্দিষ্ট ডাটাবেজের আওতায় আনা হয়েছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সদস্যদের মোতায়েন, তথ্য সংরক্ষণ এবং বেতন-ভাতা ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এছাড়া বাহিনীর কার্যক্রম সহজ করতে ‘আনসার-ভিডিপি জব পোর্টাল’ চালু করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের দিকে যাচ্ছে বাহিনীটি।
প্রশিক্ষণ ও নিরাপত্তার বিষয়ে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাড়ে চার লক্ষাধিক নতুন তরুণ সদস্যকে বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণ নির্বাচন ছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও যুদ্ধকালীন ভূমিকা পালনে কার্যকর হবে। এছাড়া ব্যাটালিয়ন আনসারদের দক্ষতা বৃদ্ধিতে সেনাবাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, অঙ্গীভূত আনসারদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে ‘রেস্ট প্রথা’ বাতিলের সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে এবং চাকরি শেষে গ্র্যাচুয়েটি ফান্ড প্রদানের কাজও এগিয়ে চলছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও মেধানীতি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি বা দালালির বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। এছাড়া ভিডিপি ও টিডিপি সদস্যদের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, অগ্নিনির্বাপণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং কোরবানির চামড়া সংরক্ষণের মতো প্রান্তিক উন্নয়নমূলক কাজগুলো আরও জোরদার করা হয়েছে।
মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ্ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২