
নাটোরের নলডাঙ্গা উপজেলায় হালতিবিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় শহিদুল ইসলাম সদু (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ সময় তার বাবা হাবিবুর রহমানকে (৬০) জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত শহিদুল ও তার বাবা হাবিবুর রহমান ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বরাবরের মতোই বাবা ও ছেলে বাড়ির পাশের হালতিবিলে মাছ ধরতে যান। সকালে হঠাৎ ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে তাদের ছোট মাছ ধরার নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির পর বাবা ও ছেলে উভয়ই পানিতে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে আশেপাশের অন্য জেলেরা ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে এগিয়ে আসেন।
স্থানীয়দের প্রচেষ্টায় হাবিবুর রহমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার ছেলে শহিদুল ইসলাম পানিতে ডুবে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২