
চট্টগ্রামে লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একটি বহুতল ভবনের প্রবেশদ্বারে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ‘রুনা টাওয়ার’ নামের একটি ভবনে এই ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এসে রুনা টাওয়ারের দরজা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এই হামলার কারণ রাজনৈতিক নাকি চাঁদাবাজি—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আক্রান্ত রুনা টাওয়ারের মালিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের শ্বশুর। তবে ভবনের মালিক নিজে সেখানে থাকেন না। পুরো বহুতল ভবনটি ভাড়া দিয়ে তারা অন্য এলাকায় বসবাস করছেন।
এদিকে, এই হামলার ঘটনায় পুলিশের সন্দেহের তির রয়েছে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ক্যাডার মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং মোহাম্মদ রায়হানের নেতৃত্বে পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ভবনের মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তারা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করত। গত ২৮ জুলাই ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর এই সন্ত্রাসী বাহিনীর তৎপরতা কিছুটা ঝিমিয়ে পড়েছিল। তবে রায়হান এখনো গ্রেপ্তার না হওয়ায় গত রাতের হামলার পেছনে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২