
চাঁদপুর নদী বন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ৪৪০ বস্তা শাহ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডসংলগ্ন তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া 'এইচ এম পরিবহন' নামের ট্রলারটির মালিক হানিফ বেপারি এবং সুকানি ছিলেন আইয়ুব আলী।
ট্রলার মালিক হানিফ বেপারি জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ৪৪০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিল। দুপুরের দিকে চাঁদপুর নদী বন্দরে প্রবেশের সময় বাঘরা বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ট্রলারটি। স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দ্রুত নদীতে তলিয়ে যায়। মালিকের দাবি, ট্রলার ও সিমেন্টসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ট্রলারটি তাঁর একমাত্র সম্বল ছিল।
দুর্ঘটনার সময় আশপাশে থাকা নৌকা ও ট্রলারের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের সহায়তায় ট্রলারে থাকা সুকানি আইয়ুব আলীসহ চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করেছে।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন জানান, সিমেন্ট কোম্পানির পণ্যের পাশাপাশি ট্রলার মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি তাঁর একমাত্র সম্বল হারিয়েছেন বিধায় তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রলারটিতে ৪৪০ বস্তা সিমেন্ট ছিল এবং সেটি নদীতে তলিয়ে গেছে। তিনি নিশ্চিত করেছেন যে ট্রলারে থাকা চারজন উদ্ধার হয়েছেন এবং তাঁরা বিকেল পর্যন্ত চাঁদপুরে অবস্থান করেছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২