
বরিশাল নগরের কাউনিয়া থানার সাপানিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নগরের পোল এলাকার বাসিন্দা মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান (২৫) এবং ভাটিখানা এলাকার খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাপানিয়া এলাকায় মজিবুর রহমান সৈকতের মালিকানাধীন একটি ঘেরের কাজে ব্যবহৃত টিনের বসতঘরে এই অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ওই দুই যুবককে পাওয়া যায়। তাদের হেফাজত ও ড্রামটি তল্লাশি করে দুটি ধারালো ছোড়া, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা এবং দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক মজিবুর রহমান সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক মজিবুর রহমান সৈকতের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, তবে আটক মেহেদী হাসান ও আব্দুর রহমানের বিরুদ্ধে আগে কোনো মামলা নেই। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২