
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন নদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল ইসলাম স্থানীয় মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্রহ্মপুত্র নদে একটি নৌকার পাটাতন স্রোতে ভেসে যেতে দেখে তা উদ্ধারের জন্য সাইফুল ইসলাম নদীতে নামেন। এসময় নদীর তীব্র স্রোতের কবলে পড়ে তিনি তলিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, সাইফুলকে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে নদীজুড়ে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর সন্ধান না মেলায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে নিজস্ব ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ স্টেশন থেকে একটি বিশেষ উদ্ধারকারী টিমকে তলব করা হয়। পরে ময়মনসিংহের ফায়ার সার্ভিস ডুবুরি দলের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বিকেল ৫টার দিকে নদী এলাকায় উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধার অভিযানের বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, বিকেল থেকে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালায়। তবে নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকা এবং সন্ধ্যা নেমে আসায় প্রথম দিনের উদ্ধারকাজ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২