
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সাফল্যকে যারা নিজস্ব স্বার্থে কুক্ষীগত করার চেষ্টা করছেন, তারা দেশ ও গণতন্ত্রের মূল শত্রু। মঙ্গলবার (৪ আগস্ট) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামে ছাত্রদল নেতা ও জুলাই শহীদ তাহিদুল ইসলামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবু নাসের বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ছিল দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক আন্দোলন। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহলের মধ্যে ক্ষমতার তীব্র মোহ দেখা দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এই মহৎ অর্জনকে নিজেদের একক অবদান হিসেবে চালিয়ে দেওয়ার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ব্যর্থ চেষ্টা চালায়।
তিনি আরও যোগ করেন, তাদের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকে বিলম্বিত বা নস্যাৎ করা। সচেতন দেশবাসীর সামনে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও, পরাজিত ও ষড়যন্ত্রকারী ওই গোষ্ঠীটি এখনো অর্জিত গণতন্ত্রকে বিনষ্ট করার নতুন নীল নকশায় লিপ্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে আবু নাসের রহমাতুল্লাহ শহীদ তাহিদুল ইসলামের বাসভবনে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা বার্তা পৌঁছে দেন।
শ্রদ্ধা নিবেদন ও সৌজন্য সাক্ষাতের সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলম চৌধুরী, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, হাজিক দাঈয়ান ইশতী ও জুলাই কন্যা লাবণ্য রহমানসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা তাহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২