
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্প খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৭ জুলাই) এই শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও চীন সরকারের (জি-টু-জি) সহযোগিতায় এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর নীতিমালার আওতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়নের বৈচিত্র্য এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, “আজ আনোয়ারার এই মাটিতে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা শুধু একটি প্রকল্পের কাজ শুরু করছি না, বরং বাংলাদেশের শিল্প রূপান্তরের নতুন এক যাত্রার সূচনা করছি।”
প্রায় ৭৭৬ একর (৩১৪.৩৯ হেক্টর) জমির ওপর গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে সরাসরি ৩৬ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এখানে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে, যা দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে।
বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ‘ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস)’-এর মাধ্যমে দ্রুত অনুমোদন এবং গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্থানীয় সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, সিআরবিসি’র ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই এবং বিসিসিএল-এর চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষে বেজা, সিআরবিসি, চীনা দূতাবাস এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই জোন দুই দেশের বন্ধুত্বের স্থায়ী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২