১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় এই জলকপাটগুলো বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশন প্রক্রিয়া চলমান ছিল, যার ফলে হ্রদের পানির উচ্চতা কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসে। বুধবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল।
এর আগে, গত ১৮ জুলাই সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএল-এ পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে সময় স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। ওই সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। পানি নিষ্কাশনের মাধ্যমে হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে চলে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।




























