
নারায়ণগঞ্জে পৃথক দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। গত কয়েক দিনে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সর্দারসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের পাশাপাশি আনসার সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসীর পরিবারকে লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে। ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে সাড়ে ৮ ভরি স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এই চক্রের আরও একজন আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান।
অপরদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শটগান লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার তদন্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাত সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আসামিদের মধ্যে কয়েকজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং অন্যদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া চলছে। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২