মো. ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রায় ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশন এবং ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাব পৌরসভার যৌথ উদ্যোগে, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীর চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ৭৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। আয়োজকরা জানান, এসব রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. তানভীর হাসান মিলন এবং বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট রাসেদুল ইসলাম।
বক্তারা মানবসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন তার বক্তব্যে পৌর এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক, সন্ত্রাস ও কর ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন মাদক, সন্ত্রাস ও সুদভিত্তিক অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. হাফিজুর রহমান ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া তার বক্তব্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোবারক উল্লাহ, মো. কাউসার, মো. আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, “মানুষের কল্যাণে হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ পরিচালনার জন্য আমরা কাজ করে যাব।”
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতা রোগী ও তাদের স্বজনরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২