স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (২ জুন) মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামে খেলার জন্য ফুটবল আনতে যাওয়ার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়েছে।
নিহত কিশোর রানা মিয়া (১৫) ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। আহত লাবন্য মিয়া একই গ্রামের জাহিদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানা মিয়া ও লাবন্য মিয়া বাড়ির পাশে বসেছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে খেলার জন্য তারা বাড়ি থেকে ফুটবল আনার জন্য রওনা দেয়। পথিমধ্যে আকস্মিক বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়া বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। নিহত রানা মিয়া মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রিয়াজুল ইসলাম।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, বজ্রপাতে ১জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২