মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী সদর প্রতিনিধিঃ নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ‘পদবঞ্চিতরা’। তারা বলছেন, এ কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কমিটি ঘোষণার দুই দিন পরও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন একাংশের নেতাকর্মী। পরদিন সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন তারা। গালিবের দখলে থাকা কক্ষে ভাঙচুর চালান। দুপুরে বাবুর এক সমর্থককে ক্যাম্পাসে মারধরের ঘটনাও ঘটে। এরপর সন্ধ্যা থেকে রাতভর ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া ও সন্ধ্যায় চারটি আবাসিক হলের সামনে ককটেল ফাটান তারা।
তাদের অভিযোগ, নতুন সভাপতি বাবু দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। সাধারণ সম্পাদক এইচএসসি পাস এবং বিএনপি পরিবারের সন্তান ও সনদ জালিয়াতি করা ছাত্র। এদের কেউ এত বড় একটি ইউনিটের দায়িত্ব পেতে পারেন না। এ ছাড়া পদ পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে।
কাঙ্ক্ষিত পদ না পাওয়া নতুন কমিটির সহসভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘দ্বিতীয় দিনের মতো আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত অবস্থান করব। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২