ঈদুল আজহা উপলক্ষে বদরগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণের প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এক বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে তৈরি পোশাকের পর চামড়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। দেশের এই সম্ভাবনাময় চামড়া খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও বৈশ্বিক মানসম্পন্ন করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ (২৪ মে) রবিবার
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “সঠিকভাবে কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে সংরক্ষণ” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপন চন্দ সরকার। তিনি চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি এবং কোরবানির পরপরই কীভাবে দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, অসচেতনতা ও সঠিক নিয়মের অভাবে প্রতি বছর কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় ক্ষতি। মাঠ পর্যায়ে কসাই ও সাধারণ মানুষকে সঠিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে এই অপচয় শূন্যে নামিয়ে আনা সম্ভব।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় ইমাম, ওলামা মাশায়েখ, দায়িত্বপ্রাপ্ত কসাই, চামড়া ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।



























