মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, বসতঘর ভাঙচুর ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কেয়ারিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা জানান, কেয়ারিয়া মৌজায় দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন। বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে তারা বলেন, প্রায় দেড়শ থেকে দুইশ বছর ধরে তাদের পূর্বপুরুষরা ওই জমি ও বসতভিটা ভোগদখল করে আসছেন।
তাদের অভিযোগ, সম্প্রতি বিএনপির নাম ভাঙিয়ে ইউসুফ ও জাহাঙ্গীর নামের দুই ভূমিদস্যু এবং সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ১৫০ থেকে ২০০ জন বহিরাগত সন্ত্রাসী তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং পরিবারের নারীদের সঙ্গে অসদাচরণ করা হয়।
ভুক্তভোগীরা জানান, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হামলাকারীরা নারীদের ধাক্কাধাক্কি ও ভয়ভীতি প্রদর্শন করে। তারা বাধা দিতে গেলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ব্যাপক ভাঙচুর চালায়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জমির প্রকৃত মালিকানা যাচাই না করেই একজন সাবেক সেনা কর্মকর্তা যেভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২