ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকে উপজেলার দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন মালিকরা।
বন্ধ থাকা স্টেশন দুটি হলো—ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল ফিলিং স্টেশন এবং ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ফিলিং স্টেশন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে সিসিবিএল ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এতে পাম্পের মালিক সালমান মুন্সি ও দুই কর্মচারী আহত হন। বর্তমানে তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মালিকের ভাই বাইজিদ মুন্সি জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ড্রামে করে তেল নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু নিয়ম অনুযায়ী ড্রামে তেল সরবরাহ না করায় তারা ক্ষুব্ধ হয়ে পাম্পে হামলা চালায় এবং তার ভাইসহ কর্মচারীদের মারধর করে।
তিনি আরও বলেন, কালোবাজারি রোধে ড্রামে তেল বিক্রি না করার নীতি অনুসরণ করা হচ্ছিল। এ কারণে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের মালিকানাধীন দুটি ফিলিং স্টেশন বন্ধ থাকবে বলেও জানান তিনি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হঠাৎ করে দুটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং স্থানীয় সেচ পাম্পের মালিকরা ভোগান্তিতে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২