স্টাফ রিপোর্টার
রংপুর:
দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্তত সাত জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। শুধু চলতি মাসেই হামে ২১টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি হয়েছে। ওই দুই শিশুর বয়স ৯ মাসের নিচে। তারা ৫-৬ দিন শিশু ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। তবে রবিবার থেকে তাদের আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই দুই শিশুর হামে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ভা. আয়েশা সুলতানা। তিনি বলেন, ঈদুল ফিতরের সময়ও হামে আক্রান্ত আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
রমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই হাসপাতালে শিশু ওয়ার্ডের পাশে একটি কক্ষ আইসোলেশন করা হয়েছে এবং হামে আক্রান্ত ওই দুই শিশুকে সেখানে স্থানান্তর করা হয়েছে।
রমেক হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা যায়, চিকিৎসাধীন দুই শিশুর মধ্যে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস) এসেছে লালমনিরহাট থেকে।। তাকে ভর্তি করা হয় ২৩ মার্চ। তার বাবা আবদুস সালাম ও মা দিলরুবা আখতার লালমনিরহাট শহরের মিশন মোড়ের বাসিন্দা।
শিশুর বাবা আবদুস সালাম বলেন, ঈদের আগের দিন বাচ্চার জ্বর আসে। রমেক হাসপাতালের এক অধ্যাপকের মাধ্যমে চিকিৎসা করতাম, উনি বাচ্চাকে নিয়ে আসতে বলে। ২৩ মার্চ বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি। বাচ্চার গায়ে র্যাশ উঠেছিল। হার্ট ফেইলের দিকে চলে গেছিল। হার্ট ফেইলের ট্রিটমেন্ট দেওয়ার পর আজ অক্সিজেন মাস্ক খুলে দিছে। বাচ্চার হার্ট এখন মোটামুটি ভালো আছে।
আরেক শিশু প্রজ্ঞা রায়কে (৭ মাস) ভর্তি করা হয় ২৫ মার্চ। তার বাবা রণজিৎ রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। কিন্তু চাকরিসূত্রে তিনি জয়পুরহাটে থাকেন।
শিশুর বাবা রণজিৎ বলেন, ৬ মার্চ প্রজ্ঞার শরীরে রোগ দেখা দিলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার পর তাকে ঈদের দুদিন আগে বাড়িতে পাঠানো হয়। তারপর আবার জ্বর এলে তাকে দিনাজপুরের অরবিন্দু শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে বাসায় নিয়ে আসার পর ২৪ মার্চ আবার জ্বর আসে। পরদিন প্রজ্ঞাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, তাদের হাসপাতালে হামে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শিশু ওয়ার্ডের সঙ্গে শিশু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে দুই শিশু ভর্তি আছে ও চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া হামে আক্রান্ত বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশনের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে এখন পর্যন্ত রংপুর অঞ্চলে হাম বিপজ্জনক পর্যায়ে ছড়িয়ে যায়নি।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২