স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (৭ ফেব্রুয়ারি) শনিবার ভোর ৪টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
স্থানীয় লোকজন জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখা যায়। সাহ্রি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা লোকজন আগুন দেখতে পেয়ে বাজারের দিকে ছুটে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী লালচাঁদ বলেন, রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে গেছি। সাহ্রির জন্য উঠছি, বাজার মসজিদের মাইকে অ্যালার্ম শুনি বাজারে আগুন লাগছে। এসে দেখি সব পুড়ে ছাই। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটা মালামালও পাইনি, সব পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়ার। আগুনে তাঁদের দোকানের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাটের পাশের স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী নাহিবুল ইসলাম বলেন, ‘সাহ্রি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম জানান, বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর তাঁরা পান ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২