রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড
- আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মোঃমনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী
এবং গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি এসব শিল্পকারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আলজেরিয়ান অ্যাম্বাসেডরের প্রতিনিধি একেএম সাঈদাদ হোসাইন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, গোল্ডেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাকিম আলী সরদার, ফরেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টর সুমাইয়া হাকিম রুহী, ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ডিরেক্টর (অপারেশন) মো. রবিউল আওয়াল রুবেল, ডেপুটি ডিরেক্টর ম্যানেজার রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গোল্ডেন গ্রুপের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনায় এই কারখানায় উৎপাদিত পাট, হোগলা পাতা, কচুরিপানা, খড় ও ছন দিয়ে তৈরি পরিবেশবান্ধব হস্তশিল্প পণ্য আলজেরিয়ায় রফতানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলজেরিয়া থেকে অলিভ অয়েল, খেজুর ও জুস আমদানির বিষয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ উদ্যোগকে বাংলাদেশ ও আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করা হয়।
এ ছাড়া আলজেরিয়াতে আয়োজিত আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে গোল্ডেন গ্রুপের উৎপাদিত পণ্যসমূহ প্রদর্শনের জন্য রাষ্ট্রদূত প্রস্তাবনা দেন।
গোল্ডেন গ্রুপের কারখানায় পাট, কচুরিপানা, হোগলা পাতা, ছন ও খড় দিয়ে পরিবেশবান্ধব নার্সারি পট, ফ্লোর ম্যাট, পেপার ম্যাট, বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, টিফিন বক্স, পেট হাউস, টিস্যু বক্স, ফাইল বক্স, ট্রে ও ফুলের ঝুড়িসহ নানাবিধ পণ্য উৎপাদন করা হচ্ছে। এসব পণ্য বর্তমানে কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিশ্বের ২৬টি দেশে রফতানি হচ্ছে।
এই প্রতিষ্ঠানে নিয়মিতভাবে কর্মরত আছেন প্রায় ৮০০ জন শ্রমিক এবং চুক্তিভিত্তিক আরও প্রায় ১২০০ জন শ্রমিক কাজ করছেন। কর্মরত শ্রমিকদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। পাশাপাশি এখানে প্রতিবন্ধী শ্রমিকরাও কাজের সুযোগ পাচ্ছেন।
এ ছাড়াও গোল্ডেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড’ কার্যক্রম পরিচালনা করছে।
মোঃমনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী,
























