রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অভিমানে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মোঃমনির মন্ডল বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
মৃতমধু সিকদার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মাবু সিকদারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশেই নজির আহমেদ মিয়ার মালিকানাধীন একটি জাম গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মধু সিকদার পাশের এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যান। কিছুক্ষণ পর সেখান থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বাড়িতে ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, পথে গিয়েই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু সিকদারকে দেখতে পান। পরে বিষয়টি তিনি নিহতের পরিবারকে জানালে ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে গাছ থেকে রশি খুলে তাকে নিচে নামান। এ সময় মধু সিকদারকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও খারাপ আচরণের শিকার ছিলেন মধু সিকদার। এসব কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
মোঃমনির মন্ডল
উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী





















