মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেন।
বক্তারা অভিযোগ করেন, আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন নেতাকর্মীরা। তারা বলেন, যিনি দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেই অসদাচরণের অভিযোগ আনেন, তার কোনো অধিকার নেই দলীয় মনোনয়ন পাওয়ার। তাকে শুধু প্রার্থীতা থেকে নয়, দল থেকেও বহিষ্কার করা উচিত।
মানববন্ধন থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো বিএনপিকে যেন হাস্যকর অবস্থানে না ঠেলে দেওয়ার আহ্বান জানান। এরপর তারা নানা স্লোগান দিতে দিতে শিমরাইল মোড় থেকে বিক্ষোভ র্যালি বের করেন। র্যালিটি সানারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নাম বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় গত ৩ নভেম্বর। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২