সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ
- আপডেট সময় : ১১:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে একটি জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৮ জুলাই) গোদনাইলের বাড়িপাড়া এলাকায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে তল্লাশি চালিয়ে ৮৬ লিটার অকটেন, ৩০ লিটার ডিজেল এবং একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।
অভিযানে র্যাব-১১, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে দোকানের তেলের উৎস ও বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল হুদা বলেন,
> “অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান,
> “এই অভিযানের মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ কারবারিদের বিরুদ্ধে একটি কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।”
অভিযানে জব্দকৃত জ্বালানি তেল এবং রশিদ বই সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। এদিকে, অভিযানের খবরে এলাকায় অবৈধ জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






















